Home

বিজ্ঞপ্তি- কাঁচাগোল্লা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশনা চলছে। এখনই আপনার স্বরচিত সাহিত্যকর্ম পাঠিয়ে দিন। ই-মেইল করুন: kachagollamagzine@gmail.com  
    আপনার লেখা প্রকাশের নির্ভরযোগ্য ম্যাগাজিন। 


রম্য ছড়া

 লাইন
তোরাব আল হাবীব


লাইনে অজু লাইনে নামায
লাইনে হবে দোয়া,
লাইন ছাড়াতো যায় না পাওয়া
রহমতেরই ছোঁয়া।

এইখানে আজ অনেকগুলি
লাইনের কথা বলি,
লাইন ছাড়াতো পদ মেলে না
কেবল দলাদলি।

ডাক্তারে যান লাইনে দাঁড়ান
সকল মানুষ রোগী,
চাকরি পেতে পরীক্ষাতে
সকল প্রতিযোগী!

তুলতে টাকা ব্যাংকে গেলে
বিরাট লাইনে পড়বেন
ক্ষীণদেহে কেমন করে
এই জাগাতে লড়বেন?

পাবলিক কোনো টয়লেটেতে
কাজটা যদি সারেন
দুই মিনিটে একশোটোকা
দরজায় খেতে পারেন।

লাইনে চলেন ডাইনে চলেন
লাইনটা আসল মুখ্য,
লাইনে আমরা আটকে আছি
চিন্তাটা বেশ সুক্ষ্ম।

অফিস আদালতের বেলায়
লাইন জরুরী আগে,
ঠিকমতো লাইন পেতে হলে
খরচা অনেক লাগে।

নেতার সাথে করতে দেখা
লাইনটা হবে ফোনে,
কোন সময়ে পাবেন দেখা
থাকেন ঘরের কোণে।

পীর হলেতো খবর আছে
লাইনটা পাবেন কী না,
লালসালুতে নৃত্য করে
তাকধিনা ধিন ধিনা।

ভণ্ড পীরের মাজারগুলো
পাবলিকে বেশ ঠাসা,
এইখানেও লাইন আছে খুব
খেলবে যারা পাশা।

ঈদের সময় দোকানগুলোর
লাইনে বেহাল দশা,
নারী-পুরুষ ভিড়ের মাঝে
খাচ্ছে শরীর ঘষা।

যাতায়াতে লাইনটা পাবেন
ট্রেন বিমানে লঞ্চে,
জনসভায় হুড়মুড়ি হয়
কে কে যাবে মঞ্চে।

রাজনীতিতে লাইনটা আছে
পদ বিতরণকালে,
থাকেন যদি লাইনে তবে
জুটবে যে পদ ভালে।

এমপি হবেন মন্ত্রী হবেন
কিংবা রাষ্ট্রপতি,
লাইন ছাড়া তো আজ অবধি
কেউ পেলো না গতি!

লাইনটা হলো দামি জিনিস
লাইনে সবাই থাকেন,
আঁকাবাঁকা লাইনটা দিয়ে
ঘরের ড্রয়িং আঁকেন।

লাইন ছাড়া যে ছন্দ হারায়
এলোমেলো গড়া,
অনেকগুলো লাইনে পেলাম
একটা মজার ছড়া।

Image result for লাইন

ছবিসহ লেখা পাঠান এই ঠিকানায়- kachagollamagzine@gmail.com

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.